চট্টগ্রামে ককটেল হামলায় ৬ পথচারী আহত
বিএনপি জোটের ডাকা অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রাম নগরীর একটি গলিতে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় ছয় পথচারী আহত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মিজানুর রহমান জানান, রাত সোয়া ৯টার দিকে কোতোয়ালী থানার হাজারী গলি মোড়ে এঘটনা ঘটে।
আহতরা হলেন- শহীদ (৫০), আবু তাহের (৬০), আরিফুল ইসলাম (৩০), মাহির ফয়সাল রাকিব (২২), জুয়েল চক্রবর্তী (২৪) ও মোহাম্মদ শফী (৪৫)।
তাদের প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় প্রথম চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদের মধ্যে আরিফুল ইসলাম হাতে আঘাত পেয়েছেন। আবু তাহের মাথায়, মাহির ফয়সাল বুকে এবং শহীদ চোখে আঘাত পেয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ককটেল হামলায় আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাজারী গলির ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কের পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে দুটি হাতবোমা ছোড়া হয়। এতে তিন জন গুরুতরসহ ছয় জন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, শরীরের বিভিন্ন অংশে ককটেলের আঘাত নিয়ে চারজন হাসপাতালে এসেছেন।
