২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহ উদ্দিনের খোঁজে রুল: শুনানি ফের ৮ এপ্রিল

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের খোঁজে রুল শুনানির জন্য ফের ৮ এপ্রিল দিন রেখেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 07:05 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাই কোর্ট বেঞ্চে এই রুলের ওপর শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার বক্তব্যের পর আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় ৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন রাখা হয়। সেদিন সালাহ উদ্দিনের স্ত্রীর আইনজীবীরা শুনানি করবেন। 

এর আগে রোববার অ্যাটর্নি জেনারেল আইন-শৃঙ্খলা বাহিনীর পাঁচটি প্রতিবেদন ও দুটি পুলিশ ডায়েরি আদালতে উপস্থাপন করেন। সালাহ উদ্দিনের আইনজীবীদের আবেদনে অ্যাটর্নি জেনারেল এ সব প্রতিবেদনের এভিডেভিটও আদালতে জমা দেন।

এসব নথির ওপরই শুনানি করেন রাষ্ট্রের শীর্ষ এই আইন কর্মকর্তা।

তার উপস্থাপিত তথ্যে দেখা যায়, যে বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ করেছে পরিবার, সেখানে খুঁজে এসে রায়হান নামে এক ব্যক্তির অবস্থান ও চলে যাওয়ার তথ্য পাওয়ার কথা বলেছে পুলিশ। 

সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের অভিযোগ, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। ‘নিখোঁজ’ হওয়ার আগে ফোন করে তাকে বিষয়টি জানানোরও চেষ্টা করেন এই বিএনপি নেতা।

স্বামীর খোঁজ চেয়ে পরদিন রাতে গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন হাসিনা।

এরপর গত বৃহস্পতিবার তিনি হাই কোর্টে গেলে আদালত একটি রুল জারি করে। সালাহ উদ্দিনকে কেন খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তা রোববারের মধ্যে জানাতে বলা হয়।

সে অনুযায়ী বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে রোববার অ্যাটর্নি জেনারেলের দপ্তরে প্রতিবেদন দেওয়া হয়। সেখানে বলা হয়, পুলিশের কোনো শাখা এই বিএনপিকে আটক বা গ্রেপ্তার করেনি। তার কোনো খোঁজও তারা পায়নি। 

রাজনৈতিক উত্তাপের মধ্যে গত জানুয়ারি মাসের শেষ দিক থেকে সালাহ উদ্দিনের নামেই গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা দেওয়া হচ্ছিল। তবে নিজের অবস্থান প্রকাশ করছিলেন না কক্সবাজারের সাবেক এই সাংসদ।

পুরনো খবর:

সালাহ উদ্দিনকে খুঁজে এসে পুলিশ বলল রায়হানের নাম