চট্টগ্রামে বোমার ভয় দেখিয়ে চাঁদা দাবি
চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেল বোমার ভয় দেখিয়ে চাঁদা দাবির পর পুলিশ তল্লাশি চালিয়েছে।
সোমবার বেলা দুইটার দিকে নগরীর জিইসি মোড়ে হোটেল পেনিনসুলার টেলিফোনে কল করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়।
হুমকির পরপর হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি করেছে গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিট।
এ ঘটনায় হোটেলটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেলিফোন করে বলা হয় হোটেলে বোমা রাখা আছে, দুই কোটি টাকা চাঁদা না দিলে বোমার বিস্ফোরণ ঘটানো হবে।
“ঘটনা জানার পরপরই বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি।”
আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজ করতে পারে বলে পুলিশের ধারণা।
জানতে চাইলে দি পেনিনসুলা চিটাগাং এর জ্যেষ্ঠ নির্বাহী (বিক্রয় ও বিপণন) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অগ্নিনির্বাপন মহড়া করার জন্য ফায়ার অ্যালার্ম বাজানো হয়।
“এসময় কেউ গুজব ছড়ায় হোটেলে বোমা রাখা হয়েছে। এতে হোটেলে থাকা লোকজন কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে।”
টেলিফোনে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে কামাল হোসেন বলেন, ওই রকম কোনো ফোন কল আসেনি।
