ধামরাইয়ে নারী খাদ্য কর্মকর্তার ঝুলন্ত লাশ
ঢাকার ধামরাইয়ে এক নারী খাদ্য কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার দুপুরে ধামরাইয়ের কাওয়ালিপাড়া এলাকার নিজ বাড়িতে লিপি আক্তারের (৩৮) লাশ পাওয়া যায়।
লিপি আক্তার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সহকারী উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ধামরাইয়ের কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন খান জানান, সম্প্রতি স্বামী মনোয়ার হোসেনের চাকরি চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন লিপি।
এনিয়ে স্বামী-স্ত্রী সঙ্গে প্রায়ই ঝগড়াঝাটি হতো।
এ নিয়ে রাগারাগি করে রোববার রাতে মনোয়ার স্ত্রীকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যান।
গভীর রাতে মনোয়ার বাড়ি ফিরে পাশের আরেকটি কক্ষে ঘুমিয়ে পড়েন।
সোমবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন লিপির ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় বলে জানান তিনি।
লিপি আক্তারের এক মেয়ে আছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন বলে জানান ওসি।
