২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোল্লা মাসুদকে ফেরত আনতে আশাবাদী আইজিপি

সাত খুনের আসামি নূর হোসেনকে ফিরে পাওয়ার চেষ্টায় আট মাসেও সফল না হওয়ার মধ্যে শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে ফেরত আনার আশাবাদ প্রকাশ করেছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 04:11 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

ভারতে গ্রেপ্তার এই শীর্ষ সন্ত্রাসীকে আসামি প্রত্যার্পণ চুক্তির আওতায় ফিরে পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেছেন, “ভারতের আদালত চাইলে পুশব্যাকের মাধ্যমে আনা হবে মোল্লা মাসুদকে। এতে বিলম্ব হওয়ার সম্ভাবনা কম।”

মোল্লা মাসুদ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছে বলে জানার একদিন বাদে সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন পুলিশ মহাপরিদর্শক।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার হন। একই অভিযোগে পশ্চিমবঙ্গে গত বছরের জুন মাসে গ্রেপ্তার হয়েছিলেন নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেন।

নূর হোসেনকে ফেরত আনার চেষ্টার কথা ‍স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের কাছে শোনা গেলেও এতদিনেও তাতে সাফল্যের কোনো খবর পাওয়া যায়নি।

আইজিপি সোমবারও বলেছেন, নূর হোসেনকে যে কোনো সময় দেশে ফিরিয়ে আনা হবে।

এছাড়া আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনও গ্রেপ্তার হয়ে ভারতের কারাগারে রয়েছেন। তাকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ইমনকে প্রায় ৬ বছর আগে পুশব্যাকের মাধ্যমে ফেরত আনা হয়। একইভাবে ফিরিয়ে আনা হয় সন্ত্রাসী তাজ, ইব্রাহিম, লম্বু সেলিমকে। তারা বর্তমানে বাংলাদেশের কারাগারে রয়েছে।

২০০১ সালে যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে তাদের ধরিয়ে দিতে বাংলাদেশ সরকার পুরস্কার ঘোষণা করেছিল, তাতে নাম ছিল মোল্লা মাসুদের।  

তখন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মোল্লা মাসুদের নামে ইন্টারপোলের ‘রেড নোটিস’ও ছিল।

এই শীর্ষ সন্ত্রাসী ভারতে পালিয়ে ছিলেন বলে গোয়েন্দাদের ধারণা ছিল। বিভিন্ন সময় পলাতক সন্ত্রাসীদের যে তালিকা বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেওয়া হয়, তাতে মোল্লা মাসুদের নাম ছিল।

শহীদুল হক বলেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে পলাতক সন্ত্রাসীরা বিদেশ থেকে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে। তবে মোল্লা মাসুদের বিষয়ে এমন কোনো তথ্য তারা পাননি।

রাজধানীর মগবাজার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া মাসুদ মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন বলে ‘মোল্লা মাসুদ’ নামে পরিচিতি পান।

গত শতকের ৯০ এর দশকে মোল্লা মাসুদ এক সময় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। তিনি এক সময় শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের শিষ্য ছিলেন বলেও মনে করা হয়।

গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মগবাজারে বিশাল সেন্টারের একটি দোকান নিয়ে অন্তর্কোন্দলের কারণে মুরাদ নামে এক যুবককে হত্যার মধ্য দিয়ে অপরাধ জগতে পা রাখেন মোল্লা মাসুদ। আরেক সন্ত্রাসী ‘মুরগি মিলন’ হত্যাকাণ্ডেও মাসুদের নাম আসে।

গোয়েন্দা কর্মকর্তারা বলেন, ১৯৯৭ সালে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, তৌহিদুজ্জামান টিক্কা, আসিফ, জন, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে গড়ে তোলেন সন্ত্রাসী দল ‘সেভেন স্টার গ্রুপ’। এর মধ্যে সুব্রত বাইনের সঙ্গে মোল্লা মাসুদের ঘনিষ্ঠতা বেশি ছিল।

এরা মূলত রাজধানী জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। পরে দ্বন্দ্বের কারণে ভেঙে যায় দলটি। এরপরই খিলগাঁও এলাকার একটি বাসায় পাঁচ খুনের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জন ও আসিফ ছিলেন।

এই ‘সেভেন স্টার গ্রুপের’ প্রতিদ্বন্দ্বী হিসাবে শীর্ষ সন্ত্রাসী লিয়াকত-মুরগি মিলন নেপথ্যে থেকে রাজা, অপু, আনোয়ার, মশিউর রহমান কচিকে নিয়ে ‘ফাইভ স্টার বাহিনী’ গঠন করেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।

ওই সময় ঢাকা সিটি কর্পোরেশনের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব ছিল।

ওই দ্বন্দ্বের জের ধরেই কচির ভাই আজাদ, মুরগি মিলন, আসিফ, জনসহ বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে। মুরগি মিলন হত্যাকাণ্ডে মোল্লা মাসুদও জড়িত বলে অভিযোগ।

এই সন্ত্রাসী দল দুটির কয়েকজন নিজেদের দ্বন্দ্বে নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধেও মারা যান। ওই সময় থেকে লিয়াকত নিখোঁজ।

পুরনো খবর:

মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার
খুলল বন্দি বিনিময়ের পথ