মোল্লা মাসুদ ভারতে গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন, যিনি বাংলাদেশে অন্তত ১০টি হত্যামামলার আসামি।
মোল্লা মাসুদের গ্রেপ্তারের তথ্য ইন্টারপোল থেকে পেয়ে রোববার বাংলাদেশ পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মোল্লা মাসুদের নামে ইন্টারপোলের ‘রেড নোটিস’ ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মোল্লা মাসুদকে পশ্চিমবঙ্গের সিআইডি গ্রেপ্তার করেছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
বাংলাদেশ পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসী ভারতে পালিয়ে ছিলেন বলে গোয়েন্দাদের ধারণা ছিল। বিভিন্ন সময় পলাতক সন্ত্রাসীদের যে তালিকা বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেওয়া হয়, তাতে মোল্লা মাসুদের নাম ছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোল্লা মাসুদের বিরুদ্ধে ১০/১২টি হত্যা মামলা ছাড়াও আরও অনেক মামলা রয়েছে।
তবে মামলার সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
২০০১ সালে সরকার ২৩ জন শীর্ষসন্ত্রাসীকে ধরিয়ে দিতে সরকার পুরস্কার ঘোষণা করলে মোল্লা মাসুদ ভারতে পালিয়ে যান।
রাজধানীর মগবাজার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া মাসুদ মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন বলে ‘মোল্লা মাসুদ’ নামে পরিচিতি পান।
মোল্লা মাসুদ
গত শতকের ৯০ এর দশকে মোল্লা মাসুদ এক সময় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। তিনি এক সময় শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের শিষ্য ছিলেন বলেও মনে করা হয়।
গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মগবাজারে বিশাল সেন্টারের একটি দোকান নিয়ে অন্তর্কোন্দলের কারণে মুরাদ নামে এক যুবককে হত্যার মধ্য দিয়ে অপরাধ জগতে পা রাখেন মোল্লা মাসুদ। আরেক সন্ত্রাসী ‘মুরগি মিলন’ হত্যাকাণ্ডেও মাসুদের নাম আসে।
গোয়েন্দা কর্মকর্তারা বলেন, ১৯৯৭ সালে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, তৌহিদুজ্জামান টিক্কা, আসিফ, জন, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে গড়ে তোলেন সন্ত্রাসী দল ‘সেভেন স্টার গ্রুপ’। এর মধ্যে সুব্রত বাইনের সঙ্গে মোল্লা মাসুদের ঘনিষ্ঠতা বেশি ছিল।
এরা মূলত রাজধানী জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। পরে দ্বন্দ্বের কারণে ভেঙে যায় দলটি। এরপরই খিলগাঁও এলাকার একটি বাসায় পাঁচ খুনের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জন ও আসিফ ছিলেন।
এই ‘সেভেন স্টার গ্রুপের’ প্রতিদ্বন্দ্বী হিসাবে শীর্ষ সন্ত্রাসী লিয়াকত-মুরগি মিলন নেপথ্যে থেকে রাজা, অপু, আনোয়ার, মশিউর রহমান কচিকে নিয়ে ‘ফাইভ স্টার বাহিনী’ গঠন করেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।
ওই সময় ঢাকা সিটি কর্পোরেশনের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব ছিল।
ওই দ্বন্দ্বের জের ধরেই কচির ভাই আজাদ, মুরগি মিলন, আসিফ, জনসহ বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে। মুরগি মিলন হত্যাকাণ্ডে মোল্লা মাসুদও জড়িত বলে অভিযোগ।
এই সন্ত্রাসী দল দুটির কয়েকজন নিজেদের দ্বন্দ্বে নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন র্যাবের কথিত বন্দুকযুদ্ধেও মারা যান। ওই সময় থেকে লিয়াকত নিখোঁজ।
