আলফাডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন।
রোববার গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুরে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জানান।
নিহত মোক্তার মোল্যা (৩৫) জেলার কোনাগ্রামের মৃত আকরামের ছেলে বলে জানান তিনি।
এএসপি কামরুজ্জামান বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে গোয়েন্দা ও থানা পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের জাকির ফকিরের বাড়ি ঘিরে ফেলে।
“বিষয়টি টের পেয়ে ডাকাতদল বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বোমা বিস্ফোরিত হয়ে জাকির হোসেন (৩২) নামে এক ডাকাত আহত হয়। পরে স্থানীয়রা মোক্তার মোল্যাসহ পাঁচ ডাকাতকে ধরে পিটিয়ে পুলিশে দেয়।”
এরপর রাতেই মোক্তারকে নিয়ে ওই এলাকায় তার সহযোগীদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ।
“অভিযানের এক পর্যায়ে ডাকাতরা গুলি শুরু করলে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মোক্তার।”
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, বিদেশি পিস্তল, ১১টি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে এএসপি কামরুজ্জামান জানান।
তিনি বলেন, গোলাগুলির সময় আহত এসআই মাহমুদ হোসেন, কনস্টেবল সুবোধ কুমার বিশ্বাস ও লোকমান হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গণপিটুনির শিকার ডাকাত হারুণ (৪০), পাতিয়ার শেখ (২৫), ইয়ারুপ (৩২) এবং বোমায় আহত জাকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
