সীতাকুণ্ডে মহাসড়কের পাশে ৭টি পেট্রোল বোমা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার ছোট কুমিরা এলাকার ইলিয়াছ ফিলিং স্টেশনের পাশে একটি জঙ্গল থেকে রোববার গভীর রাতে বোমাগুলো উদ্ধার করা হয় বলে চট্টগ্রামে বিজিবির উপ-পরিচালক মেজর তানভীর মাহমুদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিজিবি কুমিরা ফাঁড়ির টহল দল রাস্তার পাশের একটি জঙ্গল থেকে বোমাগুলো উদ্ধার করে।
মহাসড়কে নাশকতার জন্য বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে এই বিজিবি কর্মকর্তার ধারণা।
এদিকে নাশকতায় জড়িত সন্দেহে সীতাকুণ্ড, হাটহাজারি ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের মধ্যে তিনজন জামায়াত ও শিবিরকর্মী, বাকিরা বিএনপির।
