২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘অক্টোবরে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ হবে’

অক্টোবরের মধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 06:51 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নগরবাসীর ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে ২০০৬ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০১০ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল।

জাপানের আর্থিক সহযোগিতায় শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয় ৯৬৩ কোটি টাকা। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় এখন প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে ১৮৮১ কোটিতে।

একেএম ফজলুল্লাহ বলেন, “যে কোনো মূল্যে অক্টোবরের মধ্যে আমরা কাজ শেষ করব। সে লক্ষ্যে দ্রুত কাজ এগিয়ে চলছে।”

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা, স্থানীয় ঠিকাদার ও প্রকল্প এলাকার স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্বকে উল্লেখ করে ফজলুল্লাহ বলেন, “এসব কারণে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারিনি। তবে এবার এ বছরের অক্টোবরের মধ্যে যে কোনো মূল্যে কাজ শেষ করব। সে লক্ষ্যে দ্রুত কাজ চলছে।”

সি-১, সি-২ ও সি-৩ এই তিন পর্বে এ প্রকল্পের কাজ চলছে। তার মধ্যে সি-১ এর মধ্যে রাঙ্গুনিয়ার গোডাউন এলাকা থেকে পানি সংগ্রহ (ওয়াটার ইনটেক) ও পোমরা ইউনিয়নের শান্তির হাট এলাকায় পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) নির্মাণ করা হচ্ছে।

সি-১ এর কাজ বাস্তবায়ন করছে যৌথভাবে চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশন এবং বেইজিং সাউন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সি-১ প্রকল্পের কাজ শেষ হয়েছে ৫০ শতাংশ।

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন রয়েছে প্রকল্পের সি-২ পর্বে। পানি সরবরাহে পাইপ লাইন নির্মাণ করাই এ পর্বের কাজ। এ কাজ বাস্তবায়ন করছে জাপানি প্রতিষ্ঠান কুবোতা মারুবিনি করপোরেশন। এ পর্বের কাজ শেষ হয়েছে ৯৭ শতাংশ।

শেষ পর্বে রয়েছে পানি সংরক্ষণাগার প্রকল্প, যার কাজ শেষ হয়েছে ৯৬ শতাংশ।

সার্বিকভাবে প্রকল্পের কাজ ৮৩ দশমিক ৩৯ শতাংশ শেষ বলে দাবি চট্টগ্রাম ওয়াসার।

এর আগে ২০১৪ সালে স্থানীয় ঠিকাদার প্রগ্রেস বিল্ডার্স লিমিটেডের সাথে বিরোধের জের ধরে চার মাস কাজ বন্ধ ছিল সি-১ পর্বের কাজ।

চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর চাহিদা দৈনিক ৫০ কোটি লিটার। তার মধ্যে ওয়াসা সরবরাহ করতে পারে ২১ কোটি লিটার। এ প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসীর চাহিদা পুরোটাই সরবরাহ করতে পারবে ওয়াসা।

সি-১ এর প্রকল্প ব্যবস্থাপক চেং হং সন্তোষ জানিয়ে বলেন, “আগে স্থানীয় সমস্যার কারণে আমরা কাজ করতে পারিনি। এখন সবকিছু নিয়ন্ত্রণে এসছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।”