পুলিশ সদস্যের বাসায় অপহৃত স্কুলছাত্রের লাশ
সিলেট শহরে এক পুলিশ কনস্টেবলের বাসা থেকে অপহৃত এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
চার দিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই শিশু অপহৃত হওয়ার পর পরিবারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকায় বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে শনিবার রাত পৌনে ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান।
নিহত আবু সাঈদ (৯) নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে দর্জিবন্দ বসুন্ধরা এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে।
এ ঘটনায় কনস্টেবল এবাদুর ছাড়াও সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের সোর্স গেদা মিয়াকে আটক করা হয়েছে বলে ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।
ছেলের লাশ উদ্ধারের পর মতিন মিয়া আটক তিনজনসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে সাঈদ অপহৃত হয়।
“এরপর থেকে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল।
“পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা সাঈদকে অপহরণ ও খুনের কথা স্বীকার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কনস্টেবল এবাদুরের বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করা হয়।”
