রাজউককে এক হাত নিলেন পূর্তমন্ত্রী
আদালতের স্থগিতাদেশ আর রাজউকের ‘ব্যর্থতায়’ ঢাকা মহানগরকে পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলতে না পারার কথা জানিয়ে খেদ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
রাজধানীর আবাসিক এলাকায় যত্রতত্র বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কঠোর সমালোচনা করেছেন তিনি।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে মন্ত্রী বলেন, “রাজউক ফুটপাত থেকে পাঁচ ফুট ভেতরে বিল্ডিং করার কথা বলে, কিন্তু ফুটপাত ঘেষেই বিল্ডিং ওঠে। ভাঙতে যাবেন তখন কোর্টে যাবে। এমন অনেক মামলা আছে।
“হাই কোর্ট- সুপ্রিম কোর্ট বসে আছে স্টে অর্ডার দেওয়ার জন্য। যে কোনো ব্যক্তি গেলেই স্টে অর্ডার দিয়ে দেয়।”
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এ অনুষ্ঠানে মন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল- আবাসিক এলাকায় কেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হচ্ছে।
মোশাররফ বলেন, “এখন ফ্রি স্টাইলে দেশ চলছে। রাজউক বাধা দিচ্ছে না কিন্তু তাদের জনবল আছে, বেতনও নিচ্ছে। যারা দায়িত্ব সঠিকভাবে পালন করেননি তাদের রেখে লাভ কী?”
তবে আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনার বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
“গুলশানে গলিতে গলিতে বেকারি শপ, এই দোকান, ওই দোকান- এগুলোর জন্য রাজউকের সাথে বসেছি। লেকশোর হোটেল, কত বছর হয়ে গেছে, ইজ ইলিগ্যাল। গুলশান এরিয়ার মধ্যে অনেক গেস্ট হাউজ। এগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে একটা পদক্ষেপ নিতে হবে। টোটালি কমার্শিয়াল এরিয়া, এভাবে তো হবে না।”
সচিবালয়কে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের খালি জায়গায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে জানিয়ে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, “নকশা করা হয়েছে। টাকা পেলেই স্থানান্তরের কাজ শুরু হবে।”
মন্ত্রী জানান, নতুন সচিবালয়ে ভবনগুলো হবে সবুজ। প্রতিটি মন্ত্রণালয় আলাদা হবে। গাড়ি রাখার প্রচুর জায়গা থাকবে।
“অতীতে যারা নগর পরিকল্পনা করেছেন তাদের ভিশন ন্যারো ছিল। তারা মনে করেননি ঢাকা এত বড় হবে।”
কৃষিজমিতে আবাসন বন্ধে সংসদে বিল আনতে কৃষিমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, পূর্বাচল সিটিতে বাড়ি নির্মাণে আগ্রহীদের আগামী ১ জুলাই থেকে নকশা অনুমোদন দেওয়া হবে।
অন্যদের মধ্যে বিএসআরএফ এর সহ-সভাপতি তালুকদার হারুন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
