সাংবাদিক সাইফুল ইসলাম আর নেই
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার আর নেই।
শনিবার গভীর রাতে বাসায় টেলিভিশন দেখার সময় বুকে ব্যথা বোধ করলে হাসপাতালে নেওয়ার আগেই তার মত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাইফুল ইসলামের বয়স হয়েছিল ৫৬ বছর। দৈনিক আমাদের সময়ের বিশেষ সংবাদদাতা হিসাবে কর্মরত ছিলেন তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহসভাপতিও ছিলেন সাইফুল ইসলাম।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
এক শোক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “প্রয়াত সাইফুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণেও কাজ করেছেন।”
রাষ্ট্রপতি সাইফুল ইসলামের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বলে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রয়াত সাইফুল ইসলামের বিদেহি আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “সাইফুল ইসলাম তালুকদারের মৃত্যুতে দেশের সংবাদ মাধ্যম একজন নিষ্ঠাবান, প্রগতিশীল সাংবাদিক নেতাকে হারাল।”
জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সাইফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে।
