২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বারে ভোট শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 11:19 AM

Updated : 12 Oct 2022, 03:26 PM

রোববার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয় বলে নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান মো. হারুন অর রশিদ জানান। দুই দিন ধরে ভোট দিতে পারবেন বারের সদস্য আইনজীবীরা।

হারুন জানান, ৫২টা বুথে ভোটগ্রহণ হচ্ছে। ভোটার আছেন ৪ হাজার ৩৪৯ জন আইনজীবী।

সভাপতি ও সম্পাদকসহ ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করতে সোমবার মধ্যরাত হয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

বরাবরের মতো এবারও মূল প্রতিদ্বন্দ্বিতায় আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।

কয়েক দফায় পরাজয়ের পর সরকার সমর্থকদের পক্ষ থেকে এবার সভাপতি পদে নতুন মুখ হিসাবে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে প্রার্থী করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্যের সঙ্গে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদিকে, যিনি ২০১২-১৩ মেয়াদে সম্পাদক ছিলেন।

অন্যদিকে শীর্ষ দুই পদে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পরিষদ বারের বর্তমান সভাপতি খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকেই মনোনয়ন দিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব এর আগে দুই বার সভাপতি ছিলেন। মাহবুব উদ্দিন খোকন বিএনপির যুগ্ম মহাসচিব।

সমন্বয় পরিষদের (সাদা প্যানেল হিসেবে পরিচিত) প্যানেল থেকে সহ-সভাপতির দুই পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের ও মো. তাহেরুল ইসলাম।

এই প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন, সহসম্পাদক পদে মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী (মধু) ও মো. সুজা আল ফারুক প্রার্থী হয়েছেন।

সহ-সভাপতির দুই পদে ঐক্য পরিষদের (নীল প্যানেল হিসেবে পরিচিত) প্রার্থী হয়েছেন এএসএম মোক্তার কবির খান ও মো. আব্দুল জাব্বার ভূঁইয়া। কোষাধ্যক্ষ পদে শওকত আরা বেগম দুলালী এবং সহসম্পাদক পদে মাজেদুল ইসলাম পাটওয়ারি উজ্জ্বল প্রার্থী হয়েছেন।

সাতটি সদস্য পদে বিএনপি-জামায়াত জোট সমর্থকদের প্যানেল থেকে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- মির্জা আল মাহমুদ, আনোয়ারুল ইসলাম শাহিন, মো. জসিম সরকার, মো. নাসির উদ্দিন খান, রেজাউল করিম, মো. ফাইজুর রহিম, শামীমা সুলতানা দিপ্তী।

সমন্বয় পরিষদের প্যানেলের সাতজন সদস্য প্রার্থী হলেন- একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাশগুপ্ত, খান মোহাম্মদ শাহীন আজিজ, মহিউদ্দিন শামীম, মো. আব্দুল আজিজ মিয়া মিন্টু, মো. হাবিবুর রহমান হাবিব ও সাবিনা ইয়াসমিন (সাবিনা ইসলাম)।

গত দুটি নির্বাচনেই সমিতির ১৪টি পদের মধ্যে ১৩টিতে জয়ী হয় বিএনপি-জামায়াত সমর্থকরা। এর আগের নির্বাচনে সরকার সমর্থকরা সম্পাদকসহ বেশিরভাগ পদে জয়ী হয়েছিলেন। তখনই মেহেদি নির্বাচিত হয়েছিলেন।

সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এখনও দুই ভাগে বিভক্ত। এক পক্ষে ব্যারিস্টার এম আমীর উল ইসলাম আহ্বায়ক ও সুব্রত চৌধুরী সদস্য সচিব হিসাবে রয়েছেন। অন্যপক্ষ চলছে বাসেত মজুমদারের নেতৃত্বে। তবে দুই পক্ষ থেকেই একটি প্যানেল নির্বাচনে লড়ছে।

এবারের নির্বাচনে নীল ও সাদা প্যানেলের বাইরে সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে দুজন, সম্পাদক পদের একজন প্রার্থী হয়েছেন।

ঘোষিত তফসিল অনুসারে আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে।

নির্বাচন পরিচালনায় রয়েছেন মো. হারুন অর রশিদের নেতৃত্বে একটি উপ-কমিটি।