চুয়াডাঙ্গায় গ্রামীণ ফোন টাওয়ারে চুরির সময় আটক ১০
চুয়াডাঙ্গা সদরে গ্রামীণে ফোনের নেটওয়ার্ক টাওয়ার থেকে যন্ত্রাংশ খুলে নেওয়ার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার হিজলগাড়ি বাজার থেকে এদের আটক করা হয়, যাদের সবাই সবাই মাগুরা জেলার বাসিন্দা।
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সেকেন্দার আলী জানান, শুক্রবার গভীর রাতে মাইক্রোবাসে করে ১৪ জন চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে আসে। তারা হিজলগাড়ি বাজারে অবস্থিত গ্রামীণফোন টাওয়ারের মূল্যবান যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টা করে।
এসময় টাওয়ারের সক্রিয় সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি টের পেয়ে যায় গ্রামীণফোনের হেডকোয়ার্টার। গ্রামীণ ফোন কর্তৃপক্ষ ঘটনাটি তাদের খুলনা জোন এলাকার পরিচালককে জানায়।পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করে এবং মাইক্রোবাসটি জব্দ করে।
এরা হলেন- মাগুরা শহরের আকমত শেখের ছেলে মামুন শেখ (৩০), মৃত লোকমান মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৩৭), মনিরুল ইসলামের ছেলে তুরান মৃধা (৩২), সাইফুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৭), ফজলুর রহমানের ছেলে উজ্জল হোসেন (৩৪), মোহাম্মদ মানিকের ছেলে আকিদুল ইসলাম (৩৮), ভাদু বিশ্বাসের ছেলে মনোয়ার হোসেন (২৮) ও আব্দুস সাত্তারের ছেলে হুমায়ন কবির (৩০), রফিকুল ইসলাম (২৮) ও মনোয়ার হোসেন (২৯)।
