২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ৪ বাওয়ালীকে তুলে নিয়ে গেছে দস্যুরা

সুন্দরবনে গোলপাতা সংগ্রহের সময় চার বাওয়ালীকে অপহরণ করেছে বনদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শুক্রবার রাত ১১টার দিকে তাদের অপহরণ করা হয় বলে চাঁদপাই রেঞ্জের শেলা দুই নম্বর গোলপাতা কুপের (পাতা সংগ্রহের জন্য বনবিভাগ অনুমোদিত এলাকা) কুপ কর্মকর্তা কেএন কবীর হোসেন জানিয়েছেন।

অপহৃতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার সকালে বনকর্মীরা শেলা নদীর নন্দবালা খাল থেকে দুটি নৌকা ও ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছেন।

এরা হলেন- মংলার বৌদ্ধমারী গ্রামের মোক্তার জমাদ্দারের ছেলে জমাদ্দার আয়নাল হক (২৮) এবং সিগনাল টাওয়ার এলাকার শেখ নুর ইসলামের ছেলে মিজান শেখ (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দস্যুদল ‘সুমন বাহিনীর’ সদস্যরা চাঁদার দাবিতে এই ঘটনা ঘটিয়েছে বলে তথ্য দিয়েছেন বলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন জানিয়েছেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান এই বনকর্মকর্তা।

কুপ কর্মকর্তা কবীর হোসেন সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনবিভাগের পাস নিয়ে ১৫ দিন আগে খুলনার পাইকগাছার ৬-৭ জন বাওয়ালী গোলপাতা সংগ্রহ করতে এসেছিলেন।

“শুক্রবার রাতে নৌকায় গোলপাতা নিয়ে পাইকগাছা ফেরার পথে চারজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দস্যুরা।”