নওগাঁয় ছেলের লাঠির আঘাতে আহত ব্যক্তির মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের লাঠির আঘাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত মহিদ উদ্দিন (৫৫) উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর সকালে রসুলপুর গ্রামের বাড়ি থেকে তার ছেলে আব্দুল রহিমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে নিয়ামতপুর থানার ওসি ওবায়দুল হক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় রহিমের লাঠির আঘাতে গুরুতর আহত হন তার বাবা মহিদ উদ্দিন। শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিদ মারা গেলে তার স্ত্রী তহমিনা খাতুন বাদী হয়ে ছেলে রহিমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।”
গ্রেপ্তারের পর দুপুরে রহিমকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান জানান পুলিশ কর্মকর্তা ওবায়দুল।
