মুন্সীগঞ্জে হাতবোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে আহত চার যুবকের মধ্যে একজন মারা গেছেন।
নিহত মো. জুয়েল (২৫) সদর উপজেলার খাসকান্দি গ্রামের হাবিবুর রহমান হালদারের ছেলে।
শনিবার সকালে রাজধানীর সিটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে খাসকান্দি গ্রামে ঘরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে জুয়েলসহ চার যুবক আহত হয়েছিলেন। অন্যরা হলেন- কাউসার, সিরাজ ও এমদাদুল্লাহ।
জুয়েল ও কাউসারকে আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মুক্তারপুর সেতু থেকে পুলিশ আটক করে।
জুয়েলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে সিটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
জুয়েল ও তার সহযোগীদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানা যায়নি।
তবে এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
