বরগুনায় বিআরটিসি বাসে আগুন
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে বরগুনা শহরে শনিবার ভোরে দাঁড় করিয়ে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ভোর পৌনে ৫টার দিকে শহরের সদর রোডে সোনিয়া সিনেমা হলের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে বরগুনার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।
পোড়া বাসের হেলপার এসএম কাইউম জানান, বরগুনা-খুলনা রুটে তারা এই বাস চালান। সকালে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
রাতে বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন জানিয়ে তিনি বলেন, “ভোরে হঠাৎ বাসের পেছনে আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে পড়ি। এ সময় দুই কিশোরকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।”
আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভান বলে জানান কাইউম।
