২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগারেট কোম্পানির কনসার্ট আয়োজনের খবরে উদ্বেগ

সিগারেট বাজারজাতকারী একটি প্রতিষ্ঠানের অর্থায়নে ঢাকায় কনসার্ট আয়োজনের উদ্যোগের খবরে উদ্বেগ জানিয়েছেন ধূমপানবিরোধীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 02:22 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

আগামী এপ্রিল মাসে ‘লাইভস্কয়ার রক নেশন’ নামে কনসার্টটি হবে বলে ফেইসবুকে পেইজ খুলে প্রচারণা চালানো হচ্ছে।

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান লাইভ স্কয়ারের ওয়েবসাইটে ‘রক ইনক’ নামের একটি প্রকল্প বাস্তবে রূপ পাওয়ার কথা বলা হয়েছে। এ প্রকল্পের আওতায় ‘রকন্যাশন’, ‘রক সিটি অ্যান্ড অ্যাম্প’ ও ‘রকটাউন’ ব্রান্ডের কনসার্ট আয়োজনের পাশাপাশি অন্যান্য কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

মার্লবোরো ব্রান্ডের সিগারেট বাজারজাতকারী প্রতিষ্ঠান ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই), মাইক্রোম্যাক্স, বেলিসিমোসহ কয়েকটি প্রতিষ্ঠান এই প্রকল্পে পৃষ্ঠপোষকতা করছে বলে সেখানে বলা হয়। গণমাধ্যমের মধ্যে রেডিও ফুর্তিরও নাম রয়েছে সেখানে।

এদিকে ‘রক ইনক’ নামের একটি ফেইসবুক পেইজে আগামী এপ্রিলে ‘রকন্যাশন’ কনসার্ট আয়োজনের কথা বলা হয়েছে।

‘রকন্যাশন রিটার্নস: এপ্রিল ২০১৫’, বলা হয়েছে ওই পেইজে।

এ নিয়ে উদ্বেগ জানিয়ে তামাকবিরোধী সংগঠন ‘প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল ফেইসবুকের মাধ্যমে প্রচারণার নতুন কৌশল নিয়েছে। 

“তামাকে আসক্ত করতে, বিশেষত বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের আকৃষ্ট করতে তারা এ ধরনের অনুষ্ঠানের অয়োজন করে থাকে, যা আইনের দৃষ্টিতে অবৈধ।”

তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ অনুযায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাকের ব্যবহার বৃদ্ধির উদ্দেশ্যে যে কোনো ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাই একটি তামাক কোম্পানির আয়োজনে কনসার্ট হতে পারে না।

গত বছরও ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নেয় ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল।

তবে মাদকবিরোধী বিভিন্ন সংগঠনের আপত্তির মুখে ফেইসবুকের মাধ্যমে ওই পরিকল্পনা বাতিলের ঘোষণা দেওয়া হয়।