২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গোয়ালঘরে কার্টনভর্তি পেট্রোল বোমা

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলা সদরে একটি বাড়ির গোয়ালঘর থেকে বস্তার ভেতরে কার্টনভর্তি ১২টি পেট্রোল বোমা উদ্ধার করা করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 11:54 AM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শুক্রবার ভোররাতে জাতআমরুল গ্রামের মৎস্যজীবী পাড়ার একটি বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খাঁন জানান।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় তিন যুবককে আটক করেছে পুলিশ।

এরা হলেন- সাইফুল ইসলাম (২৬), বাবুল হোসেন (২৮) ও বারেক উদ্দিন (৩০)।

ওসি লতিফ বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে মৎস্যজীবী পাড়ার মৃত মন্টু হোসেনের বাড়ির পাশের গোয়ালঘরের ভেতরে একটি বস্তার মধ্যে কার্টনের ভিতর পেট্রোল বোমাগুলো পাওয়া যায়।

“নাশকতা ঘটানো অথবা পূর্ব শত্রুতার জের ধরে পেট্রোল বোমাগুলো রাখা হতে পারে। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।”

এর আগে গত ৮ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে ফুলমালীর চালা গ্রাম থেকে খড়ের গাদায় লুকানো একটি কাঠের বাক্স থেকে নয়টি পেট্রোল বোমা ও তিনটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। তবে ওই সময় সেখান থেকে কাউকে আটক করা হয়নি।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। নাশকতার এসব ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই আগুন-বোমায় দগ্ধ হয়ে মারা গেছেন।