পুরান ঢাকায় গুলিতে ব্যবসায়ী আহত
পুরান ঢাকার সৈয়দ আওলাদ হোসেন লেনে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
কোতয়ালী থানার ওসি আবুল হাসান জানান, আলাউদ্দিনের (৫৮) ডান হাঁটুর নিচে একটি গুলি লাগে।
ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “বিষয়টি পুলিশ তদন্ত করছে।”
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ২০ নম্বর সৈয়দ আওলাদ হোসেন লেনে নিজের সাড়ে পাঁচতলা ভবনের সামনে হামলার শিকার হন আলাউদ্দিন।
নজরুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজ বাসার সামনের গলিতে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। হঠাৎ ৭/৮ যুবক এসে তাকে ধরে তার বাসার ফটকের সামনে নিয়ে গুলি করে এবং কয়েকটি হাতবোমা ফাটিয়ে চলে যায়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের আলাউদ্দিন বলেন, সাগর নামে এক যুবক কয়েকদিন আগে মোবাইল ফোনে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
“ইদানিং মোবাইলে ফোনে কেউ ফোন করলে ফোন ধরতাম না।”
তার ধারণা, এতেই ক্ষীপ্ত হয়ে সাগরই এ ঘটনা ঘটিয়েছে।
