আত্মসমর্পন করে বসুন্ধরা মালিকের জামিন
কর ফাঁকিসহ দুটি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তিনজনকে জামিন দিয়েছে ঢাকার আদালত।
বৃহস্পতিবার দুপুরে সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম ও ছেলে সাফিয়াত সোবহান আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে শর্তসাপেক্ষে তা মঞ্জুর করেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।
শর্ত অনুযায়ী, প্রতিটি শুনানির তারিখে আসামিদের আদালতে হাজির থাকতে হবে।
দুদকের দায়ের করা মামলা দুটিতে আদালতে আসামি পক্ষে শুনানি করেন কাজী নজিুল্লাহ হীরু। এ সময় রাষ্ট্রপক্ষের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আইনজীবীদেও আসামিদের পক্ষ নিতে দেখা যায়।
এদের মধ্যে রয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু, ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ফোরকান মিয়া।
প্রায় সাড়ে ৮ কোটি টাকার করফাঁকির অভিযোগে এবং ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে আসামিদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।
এর মধ্যে কর ফাঁকির মামলায় শুধুমাত্র আফরোজা আসামি হলেও আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম ও তার ছেলে সাফিয়াত আকবর সোবহান ওরফে সানভীর দুটি মামলারই আসামি। আফরোজা ও সাফিয়াত দুজনেই বসুন্ধরা গ্রুপের পরিচালক।
কর ফাঁকির মামলায় গত ৩ ফেব্রুয়ারি সুপ্রীম কোর্ট সোবহানসহ ছয় আসামিকে নিম্ন বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে তিন সপ্তাহ সময় বেঁধে দেয়।
অপর আসামিররা হলেন- আহমেদ আকবর সোবহানের অপর ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, তার ছেলে ও গ্রুপের পরিচালক সাদত সোবহান, একটি হিসাব নিরীক্ষণ প্রতিষ্ঠানের (অডিট ফার্ম) সত্বাধিকারী এম এম কুদ্দুস।
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৮ কোটি ৪৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কমিশনার কবীর উদ্দিন ভুইয়া ২০০৭ সালের ২৫ জুলাই ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে একটি মামলা করেন।
আর একই বছরের ৪ অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অপর মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবুল কাশেম।
