ঝালকাঠীতে ভূমি অফিসে আগুন: গ্রেপ্তার ৪
ঝালকাঠীতে ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াচে আলী খান, তার ছেলে সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিচ খান এবং একই ইউনিয়নের দুই ইউপি সদস্য বেলাল মল্লিক ও বাদল হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠী সদর থানার উপ-পরিদর্শক হালিম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলমান হরতাল অবরোধের নাশকতার অংশ হিসেবে ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইনে ১৮ জনকে আসামি করে সদর থানার এসআই বাদল ফকির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
বুধবার গভীর রাতে ঝালকাঠী সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন ভূমি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।এতে ভূমি অফিস ঘর এবং নথিপত্র প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
ঝালকাঠীর সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্বৃত্তদের দেয়া আগুনে এ ইউনিয়নের মোট ১৪টি মৌজার অধিকাংশ নথিপত্রই পুড়ে গেছে।
এছাড়া টিনশেড অফিস ঘরটির আসবাবপত্র ও দরজা জানালাও সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তিনি।
