২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে যুবক খুন: বাড়িঘরে হামলা-লুটপাট

কিশোরগঞ্জের হোসেনপুরে বন্ধুদের মারধরে এক যুবকের মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বিক্ষুব্ধ জনতা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

হোসেনপুর থানার ওসি নান্নু মোল্লা জানান, মো. শাহজাহান (২৪) নামের এক যুবকের মৃত্যুর একদিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার নামা সিদলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় আলমগীর হোসেন, লিকন মিয়া ও হেলাল মিয়ার বাড়িসহ ১৩টি বাড়িঘরে ভাংচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এতে কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

পরে পুলিশ গিয়ে লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান ওসি নান্নু।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার রাতে শাহজাহানকে তার তিন বন্ধু আলমগীল, লিকন ও হেলাল বাড়ি থেকে ডেকে নিয়ে বড়খাল ব্রিজের উপর বেদম মারধর করে।

এতে শাহজাহানের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ঢাকার ধানমন্ডি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।  

এর জেরে বৃহস্পতিবার সকালে লাশ দাফন শেষে একদল বিক্ষুব্ধ লোক ওই তিন জনের বসতবাড়িতে হামলা চালায়।

ওসি নান্নু আরও বলেন, শাহজাহান হত্যার ঘটনায় তার ভাই রাজন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ লিকন মিয়াকে আটক করেছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

তবে হত্যায় অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় কোন মামলা দায়ের কিংবা কেউ আটক হয়নি বলে জানান তিনি।