সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত
খুলনায় সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘জলদস্যু’ নিহত হয়েছে।
পুলিশ বলছে, নিহত হাসান আলী সানা (৩০) সুন্দরবনের জলদস্যু রাঙা বাহিনীর সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
হাসান খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের হালিম সানার ছেলে।
খুলনা গোয়েন্দা পুলিশের ওসি ত ম রোকনুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোররাতে সুন্দরবনে কয়রা উপজেলার হংসরাজের চর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিনটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে হাসান আলী সানাকে গ্রেপ্তার করে খুলনার কয়রা থানা পুলিশ।
“জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে পুলিশ সুন্দরবনের হংসরাজ চরে গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা জলদস্যুরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটে যায়। এরপর ঘটনাস্থলে হাসানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”
এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ডিবি কর্মকর্তা রোকনুজ্জামান জানান।
