গ্যাসের আগুনে দগ্ধ মরিয়মের মৃত্যু
গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ শিশু মরিয়ম রুপা (৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. মোজাম্মেল হক।
মেয়েটি পেট্রোল বোমায় দগ্ধ হয়েছিল বলে জয়দেবপুর থানা পুলিশের একটি মামলায় উল্লেখ করা হলেও পরে তা অসত্য ছিল বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন।
মরিয়মের মামা লাল মিয়া সাংবাদিকদের জানান, মরিয়মের বাবা নেই। মা নার্গিস আক্তার স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। একমাত্র এই মেয়েকে নিয়ে থাকেন গাজীপুর জেলা শহরের নিকটবর্তী ২৮ নম্বর ওয়ার্ডের বরুদা এলাকায়।
গত ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে মরিয়ম তাদের ঘরের বারান্দায় গ্যাসের চুলায় দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে সহপাঠী সামিয়ার সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে মরিয়মের গায়ের জামায় আগুন ধরে যায়।
তাদের প্রতিবেশী জহুরা খাতুন (৬০) সাংবাদিকদের জানান, মরিয়মের চিৎকার শুনে তিনি ঘর থেকে এক জগ পানি নিয়ে ঢেলে দিলে আগুন নিভে যায়।
পরে তার খালু আবুল কালাম, মামা লাল মিয়া ও স্থানীয় মাহবুব তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান বলে জানান জহুরা।
মরিয়মের খালু আবুল কালাম জানান, গাজীপুর থেকে ৪ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ওই রাতে বিভিন্ন টেলিভিশনের খবরে মরিয়ম পেট্রোল বোমায় দগ্ধ হয় বলে সংবাদ প্রচার করা হয়। পরদিন পত্রিকায়ও ছবিসহ সংবাদটি ছাপা হয় বলে জানান কালাম।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার অনুযায়ী মরিয়মকে হাসপাতালে নেওয়া হয় ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায়। পরে তাকে হাসপাতালের শিশু ও সার্জারি বিভাগের চিকিৎসক শংকর চন্দ্রের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।
ওই ওয়ার্ডের সিস্টার নাজমা আক্তার জানান, শিশুটির শ্বাসনালী ফুলে যাওয়ায় ৪ ফেব্রুয়ারি তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্ধ্যার পর স্বজনরা তাকে নিয়ে যান।
এদিকে ৪ ফেব্রুয়ারি রাত সোয়া ৮টার দিকে গাজীপুর শহরের পুলিশ লাইন সংলগ্ন ঢাকা-গাজীপুর সড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় পাঁচ জন আহত হন।
আহতদের প্রথমে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সালাম সরকার জানান, পেট্রোল বোমায় আহতদের মধ্যে যাদের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল তাদের মধ্যে মরিয়ম রুপার নাম ছিল না।
কিন্তু পরদিন এ পেট্রোল বোমা হামলার ঘটনায় জয়দেবপুর থানার এএসআই রেজাউল করিম-২ বাদী হয়ে যে মামলাটি দায়ের করেন তাতে আহতের তালিকায় মরিয়ম রুপার ছিল ১ নম্বরে।
বিষিয়টি এএসআই রেজাউল করিম নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের জানান, তিনি ঘটনাস্থল থেকে যাদের উদ্ধার করেছেন তাদের মধ্যে মরিয়ম ছিল না।
