পল্লবীতে ৩ দিন আগে নিখোঁজ শিশুর গলিত লাশ উদ্ধার
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাসানের বাবা মো. সবুজ প্রজাপতি পরিবহনের বাস চালক। বাউনিয়াবাদের কলাবাগান বস্তিতে তারা থাকেন।
শিশুটির মা হনুফা বেগমের অভিযোগ, সেলিম নামে এক চোরকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করায় তার ছেলেকে হত্যা করা হয়েছে।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানান, গত ৮ মার্চ সন্ধ্যার পর থেকে হাসানকে খুঁজে না পেয়ে পরদিন একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।
বুধবার বিকালে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসার পাশের ডোবা থেকে হাসানের লাশ উদ্ধার করে পুলিশ।
হনুফা বেগম সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে তিনি ‘স্থানীয় চোর’ সেলিমের বাড়ি পুলিশকে দেখিয়ে দিয়েছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। সম্প্রতি সে জামিনে বেরিয়ে আসে।
“জামিনে বেরিয়ে এসে গত রোববার দুপুরে সেলিম আমাকে ডেকে নিয়ে বস্তির পাশের দোকানে চা বিস্কুট খাওয়ায়। পরে আমাকে সে বলে, ‘আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিস, তোকে পস্তাতে হবে’,” বলেন হানুফা।
ওইদিন সন্ধ্যা থেকেই হাসানকে পাওয়া যাচ্ছিল না বলে জানান তার মা।
পল্লবীর ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে সেলিমের বিষয়ে হাসানের বাবা-মা থানায় কিছু জানাননি।
