২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালিয়ার ওসির অপসারণে পরিবহন ধর্মঘটের হুমকি

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আলমগীর হোসেনের অপসারণ করা না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার বেলা ১১টার দিকে শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন।

তিনি বলেন, ওসি আলমগীর হোসেনকে বোয়ালিয়া থানা থেকে অপসারণ না করা হলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী জেলায় পরিবহন ধর্মঘট চলবে।

সমাবেশে শ্রমিক নেতা মাহাতাব অভিযোগ করেন, হরতাল-অবরোধের মধ্যে ঝুঁকি নিয়ে শ্রমিকরা যানবাহন চালু রেখেছেন। কিন্তু বোয়ালিয়া থানার ওসি আলমগীর উল্টো বিভিন্ন নাশকতার মামলায় শ্রমিকদের হয়রানিসহ নানা অনিয়ম করে যাচ্ছেন।

এই পুলিশ কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত কোনো শ্রমিক যানবাহনের স্টিয়ারিং ধরবে না সমাবেশে বলেন তিনি।

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে পহেলা মার্চ সকালে শিরোইল বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দুটি বাস পেট্রোল বোমা মেড়ে পুড়িয়ে দেয় হরতাল-অবরোধকারীরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক মোটর শ্রমিকের ছেলেকে আটক করে অর্থ দাবি, মামলায় হানিফ পরিবহনের নাম ও গাড়ির নম্বর উল্লেখ না করা এবং দুই বাসের ক্ষয়ক্ষতির সনদ দিতে বোয়ালিয়ার ওসি আলমগীরের ঘুষ দাবির অভিযোগ তুলেছেন শ্রমিক নেতারা।

এরপরই পুলিশ কর্মকর্তা আলমগীরের অপসারণ দাবি করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। এর আগে বোয়ালিয়া থানা ওসির অপসারণে ৭২ ঘন্টার আল্টিমেটামও দেন তারা।

তবে, ওসি আলমগীর তারে বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।

মামলার আসামিকে না ছাড়া এবং গাড়ির ক্ষয়ক্ষতি বিষয়ে শ্রমিকদের অনৈতিক সুবিধা না দেওয়ায় তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছেন বলে দাবি করেন ওসি।