২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 12:26 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বুধবার ভোরের দিকে টঙ্গাবাড়ি এলাকায় পিক-অ্যাপ ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন দুই গরু ব্যবসায়ী।

আর বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক সাইকেলআরোহী এবং বাড়ইপাড়া এলাকায় বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ভোর ৪টার দিকে টঙ্গাবাড়ি নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জামালপুর থেকে ছেড়ে আসা গরুবাহী একটি পিক-অ্যাপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ভ্যানে থাকা দুই গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

এরা হলেন- জামালপুর সদর থাকার পিনদারহাট গ্রামের সফিকুল ইসলাম  (৩৫) ও মাইটাজানি গ্রামের আব্বাস (৩৮)।

পরিদর্শক মাহবুব জানান, ট্রাক চালক লুৎফরকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পিকআপে থাকা একটি গরুর মৃত্যু হয়েছে।

ভোরের দিকে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কের দুর্ঘটনাটি ঘটে ইউনিক এলাকায়।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, দ্রুতগতির একটি ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তবে তার পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের পরির্দশক মাহবুব জানান, মঙ্গলবার গভীর রাতে বাড়ইপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে একজনের মৃত্যু হয়।

তার পরিচয়ও জানাতে পারেনি পুলিশ।