বুকে ব্যথা নিয়ে মান্না হাসপাতালে
সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার মামলায় পুলিশ হেফাজতে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হয়েছে।
বুকে ব্যথা হলে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রাতে বুকে ব্যথা অনুভব করায় গোয়েন্দা পুলিশ মান্নাকে হাসপাতালে নিয়ে আসেন। কার্ডিওলজি বিভাগে তার পরীক্ষা হয়েছে।
“তবে কিছু পাওয়া যায়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন। একটি রক্ত পরীক্ষার জন্য নমুনা বারডেম হাসপাতালে পাঠানো হয়েছে।”
বর্তমানে মান্না পর্যবেক্ষণ কক্ষে রয়েছেন বলেও জানান তিনি।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের অন্যতম উদ্যোক্তা মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির টেলিফোনে কথা বলার দুটি অডিও ক্লিপ ফাঁস হলে দেশজুড়ে শুরু হয় তুমুল আলোচনা।
ওই কথোপকথনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে লাশ চাওয়ায় মান্নাকে গ্রেপ্তারের দাবি তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মান্না বর্তমানে দশ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।
