চট্টগ্রামে ‘ছিনতাইয়ের’ ঘটনায় ২ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন দুই যুবক, যাদের দাবি ছিনতাই নয় বরং জুয়ায় জেতা পাওনা টাকা উদ্ধারের চেষ্টা করেছিলেন তারা।
বুধবার বিকালে চট্টগ্রামের কোতোয়ালি থানার তিনপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. রুবেল পারভেজ ওরফে সুমন (২৫) ও মো. নুরুজ্জামান ওরফে রানা (২৫)।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে জানে আলম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজন রুবেল ও নুরুজ্জামানকে ধরে ফেলে।
অবশ্য অপর একজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ওসি জসীম আরও জানান, ওই দুই জনকে থানায় আনার পর রুবেলের মাধ্যমে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া শাহীনের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর রুবেলের মায়ের মাধ্যমে এক লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
ছিনতাইয়ের শিকার জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজীর দেউড়ি মোড় ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলে তিনি তিনপুলের মাথায় মিচুয়াল ট্রাস্ট ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।
“ব্যাংকের সামনে গেলে গ্রেপ্তারকৃতরাসহ আরও কয়েকজন তাকে ঝাপটে ধরে টাকার ব্যাগটি নিয়ে যায়। ব্যাগে দুই লাখ ১৯ হাজার টাকা ছিল।”
এদিকে রুবেলের মা সাবেরা সুলতানা জানান, আদনান নামে এক যুবক তাকে ফোন করে টাকার ব্যাগটি দিয়ে থানায় যেতে বলে এবং সেখানে রুবেল আছে বলে জানায়।
তিনি বলেন, “টাকার ব্যাগ নিয়ে থানায় আসার পর জানতে পারি রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।”
রুবেল পুলিশকে জানিয়েছে, পালিয়ে যাওয়া শাহীনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। জানে আলমের কাছ থেকে শাহীন ক্রিকেট খেলার জুয়া বাবদ ২৭ হাজার টাকা পাওনা ছিল।
জানে আলমের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করার জন্য তাদের সহায়তা চায়।
