২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেদকে নিয়ে সংবাদের প্রতিবাদ ব্র্যাকের

রাজনৈতিক সংকট সমাধানে কথিত জাতীয় রূপরেখা তৈরির উদ্যোগে আট নাগরিকের সঙ্গে ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ফজলে হাসান আবেদকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 07:15 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

মঙ্গলবার ব্র্যাক থেকে পাঠানো এক বিবৃতিতে এই খবরকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমের কাছে আহ্বান জানানো হয়েছে।

সোমবার রাতে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘আসছে জাতীয় রূপরেখা’ শিরোনামে ওই সংবাদটি প্রকাশিত হয়।

ব্র্যাকের বিবৃতিতে বলা হয়, “গত ৯ মার্চ ২০১৫ একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘আসছে জাতীয় রূপরেখা’ শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে- চলমান রাজনৈতিক সংকট সমাধানে ‘জাতীয় রূপরেখা’ তৈরির উদ্যোগ হিসেবে গত সোমবার নাগরিক সমাজের আটজন বিশিষ্ট ব্যক্তি বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিতদের মধ্যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ-এর নামও উল্লেখ করা হয়েছে।

“আমরা এই ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ব্র্যাকের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই যে, স্যার ফজলে হাসান আবেদ এ ধরনের কোনো বৈঠকে অংশ নেননি এবং এ জাতীয় কোনো উদ্যোগের সঙ্গেও তিনি সম্পৃক্ত নন।”

সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাইয়ের জন্য ব্র্যাকের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি দাবি করে বিবৃতিতে বলা হয়, “আমরা মনে করি, এ ধরনের সংবাদ প্রকাশের ফলে স্যার ফজলের মতো খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের এবং ব্র্যাক-এর মতো বিশ্বের শীর্ষস্থানীয় উন্নয়নসংস্থার সুনাম ক্ষুণ্ন হয়।

“গণমাধ্যমসমূহের কাছে আমাদের প্রত্যাশা- এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে তারা বিরত থাকবেন।”