সচিবালয় এলাকায় হাতবোমা বিস্ফোরণ
বিএনপি জোটের অবরোধের মধ্যে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় এলাকায় পরপর দুটি হাতবোমা ফাটানো হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের পরিবহন পুল ভবনের সামনে রাস্তায় এবং সচিবালয়ের ৫ নম্বর গেইট সংলগ্ন পত্রবহন শাখা ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ধারণা, কেউ পটকা বা হাতবোমা ফাটিয়েছে।”
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশের বিএনপি জোটের লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে এর আগেও সচিবালয় এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার যখন সচিবালয়ের বিস্ফোরণ ঘটে, তখন কাছেই বঙ্গবন্ধু এভিনিউ ও প্রেসক্লাবসহ আশেপাশের সড়কগুলোতে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বিজয় উদযাপনে বিভিন্ন সংগঠনের আনন্দ মিছিল চলছিল।
বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় মঙ্গলবারের পূর্বঘোষিত হরতাল কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিথিলের ঘোষণা দেওয়া হয় বিএনপির এক বিবৃতিতে। তবে তাদের অবরোধ কর্মসূচি বহাল রাখা হয়।
সচিবালয়ের পত্রবহন শাখার সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, “আমরা বসেছিলাম। ছাদের সামনে হঠাৎ শব্দে আমরা চমকে যাই। প্রায় সঙ্গে সঙ্গে পরিবহন পুল ভবনের সামনে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।”
পরিবহন পুল ভবনের সামনে রাস্তায় ফ্লেক্সিলোডের দোকানদার বাবু বলেন, “হঠাৎ সচিবালয়ের দেয়ালের কাছে একটা ককটেল ফাটল। ভয়ে আমি দোকান বন্ধ রেখে সরে যাই।”
শাহবাগ পুলিশের পরিদর্শক (পেট্রোল) শহিদুল ইসলাম জানান, বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি।
