২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাসহ আটক উত্তর কোরীয় কূটনীতিককে বহিষ্কার

শাহজালাল বিমানবন্দরে ২৭ কোজি সোনাসহ আটক উত্তর কোরীয় কূটনীতিক সন ইয়াংকে ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছাড়তে বলেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মহাপরিচালক মো. জসীম উদ্দিন সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হিয়োনকে ডেকে বিষয়টি জানিয়ে দেন।

রোববার রাতেই ওই কূটনীতিক ঢাকা ছেড়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন রাষ্ট্রদূত রি সং।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিকে ঢাকায় আসেন উত্তর কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য ও অর্থনীতি) সন ইয়াং।

কিন্তু তার ব্যাগেজের ক্ষেত্রে কূটনৈতিক পরিচয়ের ঘোষণা না থাকায় তা স্ক্রিনিং করে ২৭ কেজি সোনা খুঁজে পান কাস্টমস কর্মকর্তারা।

এপিবিএনের সুপার তানজিনা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন ইয়াং ব্যাগ স্ক্রিনিংয়ে বাধা দেন এবং নিজের কূটনেতিক পরিচয় দিয়ে দুর্ব্যবহার করতে শুরু করেন। দীর্ঘ সময় বাক বিতণ্ডার পর তার কাছ থেকে কালো রঙের ট্রলি ব্যাগটি নিয়ে স্ক্রিনিং করা হয়।

কাস্টমসের যুগ্ম কমিশনার জিয়াউদ্দিন জানান, ব্যাগের ভেতরে ১৭০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ১৯ কেজি। এছাড়াও বিভিন্ন ধরনের গয়নারূপে আরও আট কেজি সোনা ছিল সেখানে। সব মিলে ২৭ কেজি সোনার বাজারমূল্য আনুমানিক সাড়ে ১৩ কোটি টাকা।

বৃহস্পতিবার রাতেই উত্তর কোরিয়া দূতাবাসের তিন কর্মকর্তা সন ইয়াংকে নিতে বিমানবন্দরে যান। পরে তাদের সঙ্গে যোগ দেন রাষ্ট্রদূত রি সং। বিমানবন্দরে এপিবিএন কার্যালয়ে রাতভর কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হয়।

পরে শুক্রবার দুপুর ২টার দিকে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ওই ব্যাগ রেখে মুচলেকা দিয়ে কূটনীতিককে ছাড়িয়ে নিয়ে যান দূতাবাস কর্মকর্তারা।

ভিয়েনা কনভেনশন হলো ১৯৬১ সালে ভিয়েনায় স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি যাতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কূটনীতিকদের প্রাপ্য সুযোগ সুবিধা ও অন্যান্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ২০১৪ সাল পর্যন্ত ১৯০টি দেশ এই কনভেনশনে সই করেছে।

পুরনো খবর:

কূটনীতিকের কাছে মিলল ২৭ কেজি সোনা