বরগুনায় কৃষি উন্নয়ন কর্পোরেশনের গাড়িতে আগুন
বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে বরগুনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (এগ্রো) সার্ভিস সেন্টারের একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বরগুনার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, সোমবার ভোররাত ৪টার দিকে শহরের উপকণ্ঠে সেন্টারের গ্যারেজে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সেন্টারের উপ-সহকারী পরিচালক সঞ্জয় রঞ্জন হাওলাদার জানান, তাদের কোনো নৈশ প্রহরী না থাকায় চতুর্থ শ্রেণির এক কর্মচারী রাতে পাহারা দিয়ে থাকেন। রাত ৩টার দিকে তিনি ঘুমাতে যাওয়ার পর দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে পুলিশ সুপার সাইফুল বলেন, প্রাথমিকভাবে আগুনের ঘটনা নাশকতা বলেই ধারণা করা হচ্ছে।
ঘটনার রহস্য উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
দুই মাস ধরে চলছে বিএনপি-জামায়াত জোটের অবরোধ আর ফাঁকে ফাঁকে হরতাল। এসব অবরোধ-হরতালে নাশকতাসহ যানবাহনে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
সম্প্রতি রাতের বেলা দেশের বিভিন্ন স্থানের ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনাও ঘটছে।
