২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গাড়িতে হামলা, সংঘর্ষে জামায়াত নেতা নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় রোববার গভীর রাতে পুলিশ ভ্যানে বোমা হামলা ও পুলিশের গুলি চালানোর কয়েকঘণ্টা পর এক জামায়াত নেতার লাশ পাওয়া গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার সকালে বলদিপুকুরের রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন একটি পুকুর থেকে শাহ নাজমুল হোসেন লাবলুর (৩০) লাশ উদ্ধার করা হয়।

শাহ নাজমুল হোসেন লাবলু জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন মিঠাপুকুর উপজেলা সভাপতি ছিলেন। এছাড়া তিনি মিঠাপুকুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিও ছিলেন।

মিঠাপুকুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম খন্দকার তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। 

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম ও চার কনস্টেবলসহ তিনি লতিফপুর ইউনিয়নের বলদিপুকুর থেকে পুলিশ ভ্যানে থানায় ফিরছিলেন।

রাত সাড়ে ৩টার দিকে বলদিপুকুর আর আই ফিশিং ফার্মের সামনে পৌঁছলে সড়কের উপর একটি গাছ পড়ে থাকতে দেখেন তারা।   

পুলিশের ভ্যানটি গাছের কাছে থামানোর সঙ্গে সঙ্গে ভ্যান লক্ষ্য করে ৮-১০টি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি চালায় বলে জানান ওসি হুমায়ুন কবীর।

তিনি জানান, হাতবোমায় ভ্যানটির কয়েক জায়গায় ফুটো হয়ে গেছে। আহত হন এসআই তৌহিদ ও কনস্টেবল শফিকুল ইসলাম।

এছাড়া ঘটনাস্থল থেকে চারটি পেট্রোল বোমা, ৪টি হাতবোমা, চারটি ধারালো অস্ত্র ও একটি করাত উদ্ধার করা হয় বলে জানান ওসি হুমায়ুন কবীর। 

এ জামায়ত নেতার বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ, ভাংচুরসহ বিভিন্ন নাশকতায় অন্তত ১০টি মামলা রয়েছে মিঠাপুকুর থানায়।

এ ঘটনায়ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি হুমায়ুন কবীর।

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ও সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হাসান মো. নাসের রিকাবদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

লাতিফপুর ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) মাসুদ রানা জানান, “সকাল ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলের পাশে সড়ক সংলগ্ন একটি পুকুর থেকে এলাকাবাসীকে নিয়ে লাবলুর লাশ উদ্ধার করি। পরে বিষয়টি মিঠাপুকুর থানার ওসিকে জানাই।”

লাশের শরীরে কোনো গুলির চিহ্ন ছিল না। তবে ডান চোখ দিয়ে রক্ত পড়ার দাগ ছিল বলে জানান তিনি।

লাবলু লতিফপুর ইউনিয়নের মৃত শাহ নরুন্নবীর ছেলে বলে জানান মাসুদ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুর বাতেন জানান, লাবলুর ডান চোখ দিয়ে রক্ত ঝড়েছে। এছাড়া শরীরে কোথাও গুলির চিহ্ন পাওয়া যায়নি।