২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমতি নদীতে বাস, শিশু নিহত

গোপালগঞ্জ সদরে একটি বাস মধুমতি নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 04:31 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

সোমবার দুপুরে এ দুর্ঘটনায় আহত হন অন্তত ৪০ জন।

নিহত মেহেদী খালাশী (১২) মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত সেকেন খালাশীর ছেলে। এতিম এই শিশু গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারের থাকত।  

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান, বেলা ১২টার দিকে করপাড়া পদ্মবিলা এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে বাসটি উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

আহতদের মধ্যে গুরুতর ২৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

জেলা প্রশাসক আরও জানান, বাসের প্রায় সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে, আপাতত নিখোঁজের কোনো খবর নেই।

তবে, বাসটি উদ্ধারের পর হতাহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা জানা সম্ভব হবে জানান তিনি।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, ভাস্কর পরিবহনের যাত্রীবাহী ওই লোকাল বাস বেলা ১১টার দিকে টেকেরহাট থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেয়।

দুপুর ১২টার দিকে করপাড়ার পদ্মবিলা এলাকায় বাসটির সামনের ডান দিকে চাকা ফেটে যায়।

এতে নিয়ন্ত্রণ হারালে বাসটি মধুমতি নদীতে পড়ে ডুবে যায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হক জানান, বাসটি সড়ক থেকে ৩০ ফুট নিচে পড়ে পানির নিচে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় ডুবন্ত বাস উদ্ধারের চেষ্টা করছে।

এছাড়া খুলনা থেকেও একটি ডুবুরি দল ঘটনাস্থলে রওনা হয়েছে বলে তিনি জানান।

আবুল কালাম নামে এক বাসযাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসে অন্তত ৫০/৬০ জন যাত্রী ছিলেন। অনেকে সাঁতার কেটে পাড়ে উঠে আসলেও কয়েকজন যাত্রী নিখোঁজ হয়ে থাকতে পারেন।