চট্টগ্রামে পুড়েছে ২৩টি আসবাবের দোকান, আতঙ্কে একজনের মৃত্যু
চট্টগ্রামের বায়েজিদ থানার বালুরছড়া এলাকায় অগ্নিকাণ্ডে ২৩টি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে।
এ ঘটনায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নগরীর বলিরহাটে পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে তিনটি বসত ঘর, আগুন নেভাতে গিয়ে একজন দগ্ধ হয়েছেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে বালুরছড়া এলাকায় আসবাবের দোকানে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তার আগেই আগুন ছড়িয়ে পাশাপাশি ২৩টি আধাপাকা আসবাবপত্রের দোকান পুড়ে যায়।
আগুনে মালামাল পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।
নগরীর বায়েজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান, আসবাবের দোকানগুলোতে আগুন লাগার পর পাশেই একটি ভাড়া বাসার বাসিন্দা রবিউল আলম (৬০) আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন।
তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
চিকিৎসকের বরাত দিয়ে ওসি বলেন, “হৃদরোগে আক্রান্ত হয়ে রবিউল মারা গেছেন।”
রবিউল চট্টগ্রাম সেনানিবাসের বেসমারিক কর্মচারী ছিলেন বলে জানান ওসি।
ভোরের দিকে অগ্নিকাণ্ডের অন্য ঘটনাটি ঘটে বাকলিয়া থানার বলিরহাট এলাকায়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে তিনটি বসত ঘর পুড়ে যায়।
কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় আগুন নেভাতে গিয়ে মো. আজাদ (২১) নামে স্থানীয় এক বাসিন্দা দগ্ধ হন বলে বিশ্বান্তর বড়ুয়া জানান।
তিনি বলেন, আগুনে তিনটি ঘর পুড়ে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
