নারী দিবসে অধিকার চেয়ে ১৬ দফা
নারীর প্রতি সহিংসতা বন্ধ ও তাদের শ্রমের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৬ দফা দাবিতে নারী দিবস পালন করেছে বাংলাদেশের নারী অধিকার নিয়ে কাজ কারে এমন কয়েকটি সংগঠন।
তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে নারীর প্রতি বৈষম্যমূলক আইন প্রত্যাহার, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করা প্রভৃতি।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে সাউথ এশিয়ান ওমেন্স ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার), বাংলাদেশ জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগ, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ, বাঁচতে শিখ নারী সংগঠন।
এছাড়া শোভাযাত্রাও বের করে সংগঠনগুলো।
আন্তর্জাতিক নারী দিবস মূলত নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ সালে নিউ ইয়র্কে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা ও কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুতা কারখানার নারী শ্রমিকরা প্রথম রাস্তায় নামেন।
নারী শ্রমিকদের লাগাতার সংগ্রামের ধারাবাহিকতায় ১৯০৮ সালে নিউ ইয়র্কে এক নারী সমাবেশের ডাক দেন জার্মান কমিনিস্ট পার্টির নেতা ক্লারা জেটকিন।
এর পরের বছর ডেনমার্কের কোপেনহেগেনে সর্বপ্রথম অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ওই সম্মেলনেই ৮ মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
