চট্টগ্রামের ইমন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াছিন আরাফাত ইমন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. ফয়সাল হোসেন (২১) এলাকায় মাইকেল রানা হিসেবে পরিচিত।
রোববার দুপুরে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গত বছরের ৪ মে নগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র ইমন চিকিৎসাধীন অবস্থায় গত বছর ৭ মে ঢাকার একটি হাসপাতালে মারা যায়।
অভিযোগ আছে, ফয়সাল হোসেন রানার নেতৃত্বে একদল যুবক দেওয়ান বাজার এলাকায় ছিনতাই করতে গেলে ইমনসহ অন্যরা তাদের ধাওয়া করে। এর জের ধরে পরে তারা ওই এলাকায় গিয়ে তাদের উপর হামলা করলে ইমন গুলিবিদ্ধ হয় ও অন্য একজন আহত হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমন হত্যার ঘটনায় রানা অন্যতম আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
“সাত জনের নাম উল্লেখ করে ইমনের মায়ের করা এই মামলার মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদের মধ্যে জানে আলম নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান ওসি মহসিন।
তিনি বলেন, জবানবন্দিতে ফয়সাল হোসেন রানার পাশাপাশি ও মো. রানা নামে আরও এক যুবকের নাম জানিয়েছে জানে আলম, যে তাদের অস্ত্র দিয়ে সহায়তা করত।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল হোসেন রানা পুলিশকে জানায়, ঘটনার দিন ইমন ও তার বন্ধুরা মিলে তাদের ধাওয়া করে। এর জের ধরে তারা দেওয়ান বাজার এলাকায় গিয়ে গুলি ছুঁড়লে ইমন গুলিবিদ্ধ হয়।”
ওসি মহসিন জানান, এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হলেও জিজ্ঞাসাবাদে ১২ জনের নাম এসেছে।
তাদের অস্ত্র সরবরাহকারী মো. রানাকে গ্রেপ্তারেও পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
