নারীকে পণ্যায়নের সংস্কৃতি থেকে মুক্ত করার আহ্বান
নারীর প্রতি চলমান সহিংসতা বন্ধ ও নারীকে পণ্যায়নের সংস্কৃতি থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম নারী সেল।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শনিবার চট্টগ্রাম নগরীর প্রেসক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, হাজার বছর পেরিয়ে যে সভ্যতা আমরা প্রতিষ্ঠা করেছি সেখানে নারী এখনো নানাভাবে সহিংসতার শিকার, নানা শৃঙ্খলে বন্দি।
“সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজ উদ্যমে নারী শিক্ষা, কর্মসংস্থানে, রাষ্ট্রের নানা স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। নারীর কণ্টকাকীর্ণ যাত্রায় রাষ্ট্রের নারীবান্ধব ভূমিকা নিশ্চিত করতে হবে”।
চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, পণ্যায়নের সংস্কৃতি থেকে নারীকে মুক্ত করতে হবে। বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ সংগ্রাম এগিয়ে নিতে হবে নারী-পুরুষ দুজনকেই।
সমাবেশে বক্তারা চলমান পেট্রোল বোমা হামলার নিন্দা ও মৌলবাদী শক্তি জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার আহবান জানান।
চট্টগ্রাম নারী সেলের আহবায়ক রেখা আলম চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, আবৃত্তি সংগঠন প্রমা’র সভাপতি রাশেদ হাসান, মহিলা পরিষদ চট্টগ্রামের সভানেত্রী অধ্যাপিকা লতিফা কবির ও উদীচী চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদিকা শীলা দাশ গুপ্তা।
