নোয়াখালীতে ভূমি অফিসে নাশকতায় পুড়ল নথি
গভীর রাতে নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসে অবরোধকারীদের নাশকতায় নথি ও আসবাব পুড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার রাতে সেখানে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ করলে আগুন ধরে অফিসের কিছু নথি ও আসবাব পুড়ে যায় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের মাইজদী বাজার এলাকায় সদর ভূমি অফিসের পেছনের জানালা দিয়ে পেট্রোল বোমা মারা হয়।
“স্থানীয়দের সহায়তায় অফিসের তিনজন প্রহরী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুটি চেয়ার, দরজা-জানালার পর্দা ও কয়েকটি নথির আংশিক পুড়ে যায়।”
পরে মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
তবে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলছেন, পেট্রোল বোমা নয়, ভূমি অফিসে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে ধারণা করছেন তারা।
ঘটনাটি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
