২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীকে অভিভাবকদের ধন্যবাদ, বললেন উদ্বেগের কথাও

হরতাল-অবরোধে বিপর্যস্ত চলতি এসএসসি পরীক্ষার মধ্যে এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ না ওঠায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জানিয়েছেন কয়েকজন অভিভাবক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2015, 03:35 PM

Updated : 12 Oct 2022, 03:20 PM

মন্ত্রী শুক্রবার সকালে সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে অভিভাবকরা সন্তানদের পরীক্ষা নিয়ে উদ্বেগের কথাও তার কাছে তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী অভিভাবকদের বলেন, ‘যেভাবেই হোক’, আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর আগেই এসএসসি শেষ করা হবে। আর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে ফল।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু বিএনপি নেতৃত্বধীন জোটের হরতাল-অবরোধের কারণে শুরুতেই হোঁচট খায় এবারের পরীক্ষা।

অবরোধের মধ্যে হরতালের কারণে চলতি এসএসসির ১০ দিনের ১৭৩টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেছে। পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে কেবল ছয় দিন; তাও ছুটির দিন শুক্র ও শনিবার।

শুক্রবার সকাল ৯টা থেকে এসএসসিতে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় পরিচিতি এবং দাখিলে ইংরেজি দ্বিতীয় পত্র, এসএসসি ভোকেশনালে ধর্ম ও নৈতিক ধর্ম শিক্ষা-২ (সৃজনশীল) (ইসলাম-১২২১, হিন্দু-১২২২, খ্রীষ্টান-১২২৩, বৌদ্ধ-১২২৪) ও ধর্ম-২ (ইসলাম-৮২২১) (হিন্দু-৮২২২) (খ্রিষ্ট-৮২২৩) (বৌদ্ধ-৮২২৪) (সৃজনশীল) এবং ভোকেশনাল দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ-২ (১৭২৭) (সৃজনশীল) ও কুরআন মাজিদ ও তাজবিদ-২ (৮৪২১) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা দেন শিক্ষার্থীরা।

একজন অভিভাবক শিক্ষামন্ত্রীকে বলেন, “স্যার মাথা ঠাণ্ডা রেখে শিক্ষকদের খাতা দেখতে বলবেন।”

আরেকজন অভিভাবক বলেন, “স্যার এবার প্রশ্ন ফাঁস হয়নি, আপনাকে ধন্যবাদ।”

জবাবে মন্ত্রী বলেন, “এবার কেন, কোনোবারই তো প্রশ্ন ফাঁস হয়নি। সব বারের জন্যই আমাকে ধন্যবাদ দেন।”

ফেইসবুকে প্রশ্ন ফাঁসকারীদের ‘দুষ্টু লোক’ বলেও আখ্যায়িত করেন নাহিদ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রশ্ন ফাঁস হওয়ার গত বছর ঢাকা বোর্ডের এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। এর আগে প্রাথমিক সমাপনীর দুটি বিষয়েও প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলে।

এছাড়া গত দুই বছরে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

ঠিক সময়ে ফল দেওয়া সম্ভব হবে কি না- এক অভিভাবকের এমন প্রশ্নে নাহিদ বলেন, “অবশ্যই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এখন তো শুধু শুক্র-শনিবার পরীক্ষা হচ্ছে। শিক্ষকরা খাতা মূল্যায়ণের জন্য পাঁচ দিন সময় পাচ্ছেন।”

নির্ধারিত দিনের পরীক্ষা হবে কি না সে সিদ্ধান্ত পরীক্ষার আগের দিন বিকালে ঘোষণার ফলে পরীক্ষার্থীদের সমস্যা হয় বলে কয়েকজন অভিভাবক শিক্ষামন্ত্রীকে জানান।

এ সময় নাহিদ বলেন, “শিক্ষার্থীরা ভালভাবেই জানে কোন দিনের পরীক্ষা বন্ধ হবে। আর তারা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে।”

একজন অভিভাবকের কোলে এক শিশুর গাল টিপে দিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের ভবিষ্যৎ পরীক্ষার্থী।”

অভিভাকরা একটি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অনেকটা কথা কেড়ে নিয়েই তার উত্তর দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী। কয়েকজন অভিভাবককে প্রশ্ন করার সুযোগ না পেয়ে বিরক্তিও প্রকাশ করতে দেখা যায়।

মন্ত্রীর কাছাকাছি দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে একজন অভিভাবক বলেন, কথা কইতে কইতে ব্যাটার মাথা নষ্ট হয়ে গেছে।”

পরে মন্ত্রী সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “অনিশ্চয়তা ও অজানা আতঙ্ক নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এর খেসারাত আগামী ৪০ বছর দিতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ বলেন, “পরীক্ষা তো বন্ধ হবেই, তোমরা সেই মোতাবেক প্রস্তুতি নাও।”

পাবলিক পরীক্ষার মধ্যেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে কি-না এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, “সব দল-মতের লোকের কাছে অনুরোধ, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবেন।”

২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সরকার, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পরীক্ষার সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান থাকলেও তাতে বিএনপির সাড়া মেলেনি।