২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা: ৯ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূর হোসেন নামে এক মুক্তিযোদ্ধাকে হত্যার ১৩ বছর পর নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2015, 02:35 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নূর মোহাম্মদ আলী ওরফে নূরা, আহম্মেদ আলী, দ্বীন মোহাম্মদ দিনা, আব্দুল কাইয়ুম, আব্দুল মালেক, আব্দুস সালাম, ইকবাল হোসেন, সফর আলী ও মোহর আলী। তারা সবাই সিদ্ধিরগঞ্জের বাসিন্দা।

তারা সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিতি ছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যাবজ্জীবন সাজার পাশাপাশি বিচারক সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন। ওই অর্থ আদায়ের পর তা দিতে হবে নিহতের পরিবারকে।

২০০২ সালের ২ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মুক্তিযোদ্ধা নূর হোসেনকে (৬০) হত্যা করা হয়। মামলা হয় ঘটনার ২৬ দিন পর।

মামলার নথি থেকে জানা যায়, স্থানীয় এক ব্যক্তির অটোরিকশা চুরির পর চোর ধরা পড়েছে জানিয়ে শালিসের নাম করে আসামিরা নূর হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পূর্ব শত্রুতার জের ধরে তারা নূর হোসেনকে হত্যা করে এবং দুর্ঘটনায় মৃত্যুর কথা বলে বাড়িতে লাশ পৌঁছে দেয়। ময়নাতদন্ত ছাড়াই নূর হোসেনের লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

পরে আসামিদের আচরণে সন্দেহ হওয়ায় কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে নূর হোসেনকে হত্যার তথ্য পাওয়া গেলে তার বাবা বুজরুক আলী আসামিদের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারে ২৬ জনের সাক্ষ্য শুনে আদালত বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করলেন।