২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের কৃষি তথ্য প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 10:43 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

একই সঙ্গে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

আবদুল হামিদ বলেছেন, “কৃষকরা যাতে পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে চলতে পারে সেজন্য তাদের কৃষি তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে হবে।

“কৃষকরা যাতে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় তাও নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আমি দেশের কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, সম্প্রসারণ কর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।”

বুধবার বাংলাদেশ কৃষিবিদ দিবসের আলোচনা সভা এবং ‘কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ পদক (কেআইবি)’ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, কৃষির সামনে বড় চ্যালেঞ্জ হলো বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবিলা করা। এ জন্য আমাদের কৃষি গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রম করতে হবে আরও নিবিড় ও আধুনিক। জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিকূল জলবায়ু সহনশীল শস্যের বিভিন্ন জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।

সাধারণ মানুষের পুষ্টি উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “খাদ্য উৎপাদনে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি খাদ্যশস্যের বহুমাত্রিক ব্যবহার জনপ্রিয় করাসহ সাধারণ মানুষের পুষ্টি উন্নয়নে বিশেষ নজর দিতে হবে।”

বাংলাদেশে কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “কৃষি আর কৃষক বাংলাদেশের প্রাণ। মাঠভরা ফসলে কৃষকের মুখে যে আনন্দ সে আনন্দ গোটা বাংলাদেশের। আবার ফসলহানির শুষ্ক মুখ কেবল কৃষকের একার নয়, তা যেন আমাদের সকলের। তাই কৃষকের আনন্দ-বেদনার সাথে আমাদের বিশেষত শহরবাসীর অনুভূতি একাত্ম হোক তা প্রত্যাশা করি।”

রাষ্ট্রপতি আরও বলেন, “দেশের মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক কৃষি খাতে নিয়োজিত। অর্থনীতির পাশাপাশি কৃষিকে কেন্দ্র করেই আমাদের বাঙালি সংস্কৃতি গড়ে ওঠেছে। বাংলা নববর্ষ বরণ, নবান্ন উৎসব, পৌষ পার্বণ, চৈত্র সংক্রান্তিসহ নানা উৎসব ও অনুষ্ঠান মূলত কৃষিকে ঘিরে। আমাদের শিল্প-সাহিত্যও গভীরভাবে ব্যঞ্জিত হয়েছে কৃষিতে। কৃষি তাই কেবল অর্থনীতির প্রাণশক্তি নয়, তা আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের শেকড়ও বটে।”

রাষ্ট্রপতি বলেন, “আমার পিতা ছিলেন একজন কৃষক,আমার এক পুত্র কৃষিবিজ্ঞানী। এই দুয়ের মাঝে আমি আছি।”

অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে অবদানের স্বিকৃতির জন্য একটি প্রতিষ্ঠান ও চারজনকে 'কেআইবি পদক--২০১৪' প্রদান করা হয়।

পদক প্রাপ্তরা হলেন- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (প্রতিষ্ঠান), কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. শহীদুর রশীদ ভূঁইয়া,চুয়াডাঙ্গার কৃষক মো.আসাদুল হক বিশ্বাস,সিরাজগঞ্জের বেলকুচির কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসাইন সিদ্দিকী।   

পদকপ্রাপ্তদের বিভিন্ন অঙ্কের টাকার চেক এবং সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কেআইবির সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ মো. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. আব্দুল মান্নান, কেআইবি মহাসচিব মোহাম্মদ মোবারক আলী।