২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে যুবলীগকর্মী খুনের অভিযোগে জামায়াতকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কুপিয়ে ও আগুন দিয়ে যুবলীগকর্মী খুনের ঘটনায় জামায়াতে ইসলামীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

ও সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গ্রেপ্তার মো. সালাউদ্দিন (৪২) মিরসরাই উপজেলা জামায়াত ইসলামীর কর্মী বলে ওসি জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের একটি বাসা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।”

মিরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে গত ৩১ জানুয়ারি নিজ ঘরে কুপিয়ে ও ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় মহিউদ্দিন নামে এক স্থানীয় যুবলীগকর্মীকে। 

এ ঘটনায় মহিউদ্দিনের ছোট ভাই মো. ফিরোজ বাদী হয়ে ৩১ জনকে আসামি করে একটি মামলা করেন। আসামিরা সবাই স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

এদিকে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অবরোধ ও হরতালে নাশকতা রোধে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের এবং আটজন বিএনপিকর্মী।

সিলেটে শিবির নেতা গ্রেপ্তার

ইসলামী ছাত্রশিবিরের সিলেট বিভাগের সমন্বয়কারী শামসুর রহমান জাবালকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।

জাবাল জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমানের ভাতিজা।

বুধবার ভোররাতে নগরীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামসুর রহমান জাবালের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ওই বাসা থেকে গাড়ি ভাঙার যন্ত্রপাতি, রামদাসহ নাশকতার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রহমত উল্লাহ।