বুধবার থেকে অনলাইনে এনআইডি সংশোধন
জাতীয় পরিচয়পত্রধারী ভোটারদের স্মার্ট কার্ড দেওয়ার আগে তথ্য সংশোধনের জন্য অনলাইন আবেদন উন্মুক্ত হচ্ছে বুধবার থেকে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে দেশে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার নিবন্ধিত রয়েছে। পর্যায়ক্রমে তাদের হাতে স্মার্টকার্ড দেওয়া হবে।
আগামী ১ বৈশাখে প্রতীকী স্মার্টকার্ড দেওয়ার পরিকল্পনা করছে ইসি। তবে ২০১৬ সালের মাঝমাঝিতে সবার হাতে এই জাতীয় পরিচয়পত্র দেওয়ার কথা রয়েছে।
সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, “বুধবার থেকে শুরু করে অনলাইনে তথ্য সংশোধনের আবেদন উন্মুক্ত করে দেওয়া হবে। স্মার্টকার্ড দেওয়ার প্রক্রিয়াকে সামনে রেখে বিদ্যমান ভোটারদের অন্তত দুই মাস তা চালু থাকবে।”
এসময়ে জাতীয় পরিচয়পত্রধারীরা প্রয়োজনীয় সংশোধন করে নিলে স্মার্টকার্ডটি নির্ভুল হবে।
ভোটার হওয়ার প্রক্রিয়াটি সারাবছরই উন্মুক্ত থাকায় অনলাইন সংশোধনের আবেদনও সারাবছরই চালু থাকবে বলে জানান তিনি।
অনলাইনের পাশাপাশি অফলাইনেও নির্ধারিত ফরমে আবেদনের সুযোগ থাকছে।
ইসি কর্মকর্তারা জানান, একজন ভোটার ইসির নির্দিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধিত হতে হবে। পরে প্রয়োজনীয় পাসওয়ার্ড দিয়ে নিজের ভোটারসংক্রান্ত তথ্য যাচাই করে দেখতে পারবেন।
