২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিচয়পত্র: শিগগির তথ্য সংশোধনের সুযোগ

ভোটারদের উন্নত মানের স্মার্ট কার্ড দেওয়ার আগে বিদ্যমান জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে শিগগির।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 04:53 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোববার ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন।

বর্তমানে ৯ কোটি ৬০ লাখের বেশি ভোটার তালিকাভুক্ত রয়েছেন। এর মধ্যে অন্তত ১৩ শতাংশ ভোটারের জাতীয় পরিচয়পত্রের তথ্যে সংশোধনের প্রয়োজন হতে পারে। ইতোমধ্যে মাত্র ২ লাখ (শূন্য দশমিক ২ শতাংশ) ভোটার তথ্য সংশোধন করেছেন।

স্মার্ট কার্ড দেওয়ার আগে সবার জন্য অনলাইন ও অফ লাইনে [লিখিত আবেদন জমা দিয়ে] তথ্য সংশোধনের সুযোগ রাখা হবে।

সুলতানুজ্জামান জানান, অনলাইনে আবেদনের জন্য সফটওয়্যার তৈরি করা হয়েছে। সোমবার কমিশন সভায় অনুমোদনের জন্য এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে।

“কমিশনের সম্মতি পেলে এক সপ্তাহের মধ্যে এনআইডি তথ্য সংশোধনের জন্য সবাইকে সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে অনলাইন ও লিখিত আবেদন করতে পারবে ভোটাররা।”

এ বছরের জানুয়ারি থেকে আগামী বছরের জুন পর্যন্ত সময়ে দেশের সব ভোটারকে স্মার্ট কার্ড দেওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে লেমিনেটেড পরিচয়পত্রটি ফিরিয়ে দিয়ে বিনামূল্যে উন্নত মানের স্মার্ট কার্ড পাবেন ভোটাররা।

প্রস্তাবিত স্মার্ট কার্ডে তিন স্তরে ২৫টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক মানদণ্ড বজায়ে আটটি স্টান্ডার্ড নিশ্চিত করা হবে।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, এ বছরের ২৬ মার্চ থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। প্রতিমাসে অন্তত ৬০ লাখ বিতরণের পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে এ লক্ষ্যে কর্মপরিকল্পনা নিয়ে এলাকাভিত্তিক তা নির্ধারণ করা হবে।

এখনও বাধ্যতামূলক নয়

২০০৮ সাল থেকে ভোটাররা জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন। ইসির নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান তাদের কাজে ভোটারদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে। এ নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেককে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব সিরাজুল ইসলাম জানান, সবার কাছে পরিচয়পত্র না দেওয়া পর্যন্ত তা বাধ্যতামূলক করা যাবে না। এখনও পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করতে ইসি কোনো প্রজ্ঞাপন জারি করেনি।

“স্মার্ট কার্ড দিতে আরও ১৮ মাস লাগবে। কবে নাগাদ পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে তা বলা যাচ্ছে না।”

তবে কোনো কোনো সংস্থা তাদের সুবিধার জন্যে ‘সেকেন্ডারি অপশন হিসেবে’ জাতীয় পরিচয়ত্র চাইলে ইসির করার কিছু থাকছে না বলে জানান ইসি কর্মকর্তারা।

ইসির দেওয়া জাতীয পরিচয়পত্র ব্যবহারের অন্তত ২৫টি সম্ভাব্য খাতের কথা বলা হচ্ছে। এরমধ্যে সরকারি সব অনলাইন সুবিধা, টিআইন প্রাপ্তি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সম্পত্তি কেনাবেচা, ব্যাংক হিসাব খোলা, ব্যাংক ঋণ, সরকারি ভাত্তা উত্তোলন, সহায়তা প্রাপ্তি, বিআইএন, শেয়ার-বিও একাউন্ট, ট্রেড লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশন, বীমা স্কিম, বিয়ে রেজিস্ট্রেশন, ই পাসপোর্ট, ই-গভর্নেন্স, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, মোবাইল সংযোগ, হেলথ কার্ড, ই-ক্যাশ, ব্যাংক লেনদেন ও শিক্ষার্থী ভর্তি প্রভৃতি।

সংবাদ সম্মেলনে ইসি অতিরিক্ত সচিব মোখলেছূর রহমান ও ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

অনলাইনে পরিচয় নিবন্ধনের সুযোগ আসছে