২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড: প্রসিকিউশন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে পলাতক জাতীয় পার্টি নেতা আব্দুল জব্বারের রায়ের প্রতিক্রিয়ায় প্রসিকিউশন বলেছে, প্রত্যাশা মৃত্যুদণ্ড থাকলেও আদালতের এই রায়ের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 01:32 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, জোরপূর্বক ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে মুসলিম লীগ নেতা জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দেয়।

যেসব মানবতাবিরোধী অপরাধ তিনি করেছেন তাতে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রাপ্য হলেও বয়স বিবেচনায় জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত বলেছে।

রায়ের প্রতিক্রিয়ায় জাহিদ ইমাম বলেন, “আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। কিন্তু আমাদের চাওয়া ছিল মৃত্যুদণ্ড।”

পলাতক জব্বারের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে বলা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের চারটি ঘটনায় তাকে আমৃত্যু কারাদণ্ড এবং একটিতে ২০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চতুর্থ অভিযোগে প্রায় দুইশ হিন্দুকে ধর্মান্তরিত করায় জব্বারকে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড করা যুদ্ধারপরাধের মামলায় শাস্তি হিসেবে প্রথম বলে জানান প্রসিকিউটর জাহিদ।

রায়ের প্রতিক্রিয়ায় প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, “আমরা দুই ধরনের রায় পেয়েছি। এর আগে আদালত বলেছিল, এ ধরনের অপরাধে বয়স বিবেচ্য হতে পারে না।

“কিন্তু আদালত বয়সের বিবেচনায় রায় দিলেন। এর আগে আমরা দেখেছি গোলাম আযমকেও বয়স বিবেচনায় কারাদণ্ড দেওয়া হয়েছিল।”

পলাতক জব্বারের পক্ষে শুনানিতে অংশ নেওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আবুল হাসান বলেন, “আসামি পলাতক থাকায় আরও তথ্য পেলে প্রতিযোগিতার সুযোগ পেতাম।”

আসামির সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি জানিয়ে তিনি বলেন, তার সঙ্গে যোগাযোগ হলে আদালতে আত্মসমর্পণের পরামর্শ দেবেন তিনি।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আপিল করার ক্ষমতা আমার নেই। সেটা আসামিকেই করতে হবে।”

আনুমানিক ৮০ বছর বয়সী প্রকৌশলী জব্বার বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছেন বলে প্রসিকিউশনের তদন্ত সংস্থা বলেছে।