২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় নিয়ে ‘ষড়যন্ত্রকারী মান্না’র শাস্তি চান উপাচার্য

সরকার উৎখাতে বিশ্ববিদ্যালয়ে ‘দুই-তিনটা লাশ ফেলে দেওয়ার’ কথা বলায় ষড়যন্ত্রের দায়ে মাহমুদুর রহমান মান্নাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

নিজস্ব প্রতিবেদক

ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 11:03 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

জাতীয় সংলাপের অন্যতম উদ্যোক্তা নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কথোপকথনের অডিও ক্লিপের ভিত্তিতে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এর মধ্যে খোকার সঙ্গে আলাপে এক সময়কার ডাকসুর ভিপি ও সাবেক আওয়ামী লীগ নেতা মান্নাকে বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড ঘটানোর কথা বলতে শোনা যায়।

এই বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরেফিন সিদ্দিক বলেন, “আমি পত্রিকার তার কথোপকথনের কথা পড়েছি। এটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি।

“এটা বিশ্বাস করা যায় না। এই বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোনো চক্রান্ত করবে, তাও আবার এখানকার শিক্ষার্থীর লাশ দেখলে তার খারাপ লাগবে না।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৭২ সালে জাসদ ছাত্রলীগ থেকে চাকসুর ভিপি নির্বাচিত হন মান্না। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে মাস্টার্সে ভর্তি হয়ে ১৯৭৯ সালে জাসদ ছাত্রলীগ থেকে ডাকসুরও ভিপি নির্বাচিত হন।

উপাচার্য বলেন, “ছাত্রের কাছে বিশ্ববিদ্যালয় মায়ের মতো। সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যে এই ধরণের চক্রান্তে লিপ্ত হয়, তাহলে সেতো আদৌ মানুষ কি-না, সে নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ধরনের কোনো কথা কোনো ছাত্র তার বিরুদ্ধে বলতে পারে, আমি বিশ্বাস করতে পারছি না।”

আরেফিন সিদ্দিক বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আমরা বহু ষড়যন্ত্র দেখেছি, পাকিস্তান আমলে ষড়যন্ত্র দেখেছি। আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের সূচনায় কিভাবে শিক্ষক-শিক্ষার্থীদের আক্রমণ করা হয়েছিল। আজকে যারা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের সঙ্গে একাত্তরের চক্রান্তকারীদের মাঝে কোনো পার্থক্য দেখি না।

“ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা মিলেই করে। আমি মনে করি, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তাদের প্রত্যেককেই চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

 “বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা দেওয়া সরকার ও আমাদের দায়িত্ব। আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে।

“যথাযথভাবে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করতে আমরা প্রক্টরিয়াল স্টাফদের নির্দেশ দিয়েছি।”

 ‘সনদ বাতিলের কথা ভাবছে বিশ্ববিদ্যালয়’

এদিকে এক বিবৃতিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখল ও লাশ ফেলার’ কথা বলায় মাহমুদুর রহমান মান্নার সনদ ও ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল বলেন, উনি কোন বিভাগে পড়েছেন, সেটি আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। উনিতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে এসে এখানে মাস্টার্স ভর্তি হয়েছিলেন।

“শুনছি, তিনি এখান থেকে কোনো সনদ পাননি। যদি পেয়ে থাকেন, তাহলে সেই সনদ বাতিল করতে হবে। সেই সঙ্গে তার ছাত্রত্বও বাতিল করতে হবে।”

সনদ বাতিলের দাবির বিষয়ে উপাচার্য বলেন, “আমি শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবো। কথা বলে দেখবো, কী করা যায়।”

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “গত ৬ বছর এমন সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম চলছে, এটা সব বিশ্ববিদ্যালয়ের জন্য উদাহরণ হয়ে আছে। একদিনের জন্যও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি; ক্লাস-পরীক্ষা চমৎকারভাবে চলছে। আমরা সেশন জট মুক্ত হয়েছি।

“সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। আমাদের পরীক্ষা কেন্দ্রে প্রায় শতভাগ ছেলে-মেয়ে পরীক্ষা দিচ্ছে। এখানে ছাত্র-ছাত্রীদের কোনো সমস্যা নেই। তারা শিক্ষা কার্যক্রম-পরীক্ষায় অংশ নিচ্ছে।

“একটা অপশক্তিকে সাহায্য করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ চায়, চর দখলের মতো করে হল দখল করতে চায়। এই ধরনের পরামর্শ সে বিএনপি নেতৃবৃন্দকে দিচ্ছে। গণতান্ত্রিক ধারাকে বানচাল করতে ষড়যন্ত্র করছে।”

তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, দাবি করেন অধ্যাপক ফরিদ।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “আমরা মান্নাকে এই বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করি। আমরা দাবি করি, তার ছাত্রত্ব বাতিল করা হোক।

“পরবর্তীতে কোনো নাশকতা হলে আমরা তাকেই দায়ী করবো। সেই হলো মূল ষড়যন্ত্রকারী। মান্না এখানকার ভিপি ছিলেন, সে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বুঝে।

“ভবিষ্যতে কোনো লাশ পড়লে মান্নাই হবেন প্রধান অপরাধী। সঙ্গে যারা আছেন তারাও দায়ী। মান্নাকে ধরা হলে পুরো ষড়যন্ত্র জাতির সামনে উন্মুক্ত হবে।”

শিক্ষক সমিতির পক্ষে দেওয়া এক বিবৃতিতে এই অপতৎপরতার সঙ্গে জড়িত সামরিক-বেসামরিক আরো যাদের যোগসাজশ রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এর আগে দুপুরে ক্যাম্পাসে এক সমাবেশে মাহমুদুর রহমান মান্নাকে দেখামাত্র গণধোলাই দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনও মান্নার গ্রেপ্তারের দাবি করে বিবৃতি দিয়েছে।